০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরে দুই বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

উদ্ধার করা বস্তু দুটি নিষ্ক্রিয় করতে থানায় এনে পানিতে চুবিয়ে রাখা হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 09:43 AM

Updated : 11 Sep 2026, 03:45 PM

মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি বসতবাড়ির মূল ফটকের সামনে থেকে কালো কস্টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৭টায় কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রাম থেকে সেগুলো উদ্ধার করা হয় বলে গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানিয়েছেন। 

কাজীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহন আলী বলেন, নওদাপাড়া গ্রামের বিলপাড়ার মো. ইব্রাহিম হোসেনের ছেলে নিজাম উদ্দিন এবং একরামুল হকের ছেলে এমদাদুল হকের বাড়ির মূল ফটকের সামনে কালো কস্টটেপে মোড়ানো দুটি বোমার সাদৃশ্য বস্তু দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এমদাদুল হকের ছেলে হোসেন আলী বলেন, “সকালে বাড়ির লোকজন বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে ক্যাম্প ইনচার্জ এসআই মো. আব্দুল করিম ঘটনাস্থলে এসে বস্তু দুটি উদ্ধার করেন।”

তিনি বলেন, “রাতের অন্ধকারে কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখে গেছে, তা আমরা জানি না।”

এসআই মো. আব্দুল করিম বলেন, “উদ্ধার করা বস্তু দুটি নিষ্ক্রিয় করতে থানায় এনে বালতির পানিতে চুবিয়ে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলছেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”