২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে বাবা-ছেলে মেয়েকে হত্যা

বাবা-ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর মেয়ে মারা যায় হাসপাতালে।

রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে বাবা-ছেলে মেয়েকে হত্যা
ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 02:03 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার লাল পাহাড় সংলগ্ন ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বসত বাড়িতে এ ঘটনা ঘটে বলে উখিয়ার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল জানান।   

নিহতরা হলেন-ওই ক্যাম্পের বাসিন্দা আহমেদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৩)।

তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মোহাম্মদ ইকবাল বলেন, “অজ্ঞাত পরিচয় ১৫-২০ জন সন্ত্রাসী আহমেদ হোসেনের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি করে। এ সময় হোসেন ও আমিন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ আসমাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

“সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে আসমাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন, হাসপাতালে পৌঁছানোর আগে পথেই আসমার মৃত্যু হয়েছে।”

সৈয়দুল আমিন ‘আরসার’ সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকার কারণে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এপিবিএন পুলিশের এ কর্মকর্তা জানান।