ব্যক্তিগত কারণ দেখিয়ে কুবি উপাচার্যের পদত্যাগ
অধ্যাপক এএফএম আবদুল মঈন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য।
শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য অধ্যাপক এএফএম আবদুল মঈন। তিনি পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণে’ পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন।
রোববার বেলা ১২টায় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সন্ধ্যার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
পদত্যাগপত্রে অধ্যাপক আবদুল মঈন বলেন, “বর্তমানে আমি ব্যক্তিগত কারণে উপাচার্যের পদ থেকে এই পত্রের মাধ্যমে অদ্য অপরাহ্ণে পদত্যাগ করিতে আপনার নিকট পদত্যাগপত্র পেশ করিলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন অব্যাহত থাকুক এই কামনা করছি। পদত্যাগপত্র গ্রহণ করে আমাকে বাধিত করিবেন।”
আবদুল মঈন উপাচার্য হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর যেসব উল্লেখযোগ্য কাজ করেছেন তা তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।
সেখানে তিনি বলেন, “আমি ২০২২ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করি। যোগদানের পর আমি আমার অভিজ্ঞতা, সততা, নৈতিকতা, দক্ষতা ও আইন মেনে কীভাবে বিশ্ববিদ্যালয়কে একটি লিডিং ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা যায়, সেই লক্ষ্য নিয়ে কাজ শুরু করি।
“এজন্য প্রথমেই আমি উদ্ভাবনে নেতৃত্ব, সমাজের ক্ষমতায়ন, উন্নয়ন, মানবকল্যাণ, সম্প্রদায়ের সমৃদ্ধকরণ এবং টেকসই প্ল্যানেট গঠনের অঙ্গীকার নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ভিশন তৈরি করি। এ ভিশন অর্জনের জন্য নিরলসভাবে কাজ করি এবং শিক্ষা, শিক্ষণ ও গবেষণার সংস্কৃতি ও পরিবেশ সৃষ্টির মাধ্যমে একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রূপান্তর করার জন্য অনেক নুতন স্কিম নিই।”
পদত্যাগপত্রে আবদুল মঈন উল্লেখ করেছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গত দুই বছরে বিভিন্ন সূচকে অনেক সফলতা অর্জন করেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি বাড়াতে সমর্থ হয়েছে।
উদাহরণস্বরূপ-গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক নম্বর অবস্থান অর্জনে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক এএফএম আবদুল মঈন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য। তিনি ইমরান কবির চৌধুরীর স্থলাভিষিক্ত হন। চারবছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন তিনি।
