Published : 28 Jul 2026, 04:21 PM
ফরিদপুরে সবজি বিক্রেতা হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) চৌধুরী জাহিদ হাসান (খোকন)।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার চান সরদার (৪২), তারা সরদার (৩৫) ও বাবুল আকন্দ (৩৬)।
রায় ঘোষণার সময় বাবুল আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। অপর দুই দণ্ডপ্রাপ্ত পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০১২ সালের ৫ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে সবজি বিক্রেতা ফয়সাল শেখকে (২২) কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ফয়সাল শহরের মধ্য আলীপুর এলাকার মৃত আকু শেখের ছেলে। তিনি হাজী শরিয়তুল্লাহ বাজার এলাকায় সবজি বিক্রি করতেন।
এ ঘটনায় ফয়সালের মা ফিরোজা বেগম ২০১২ সালের ৬ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় চান সরদার, তারা সরদার ও শাহিন সরদারকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ঘটনার আগে ফয়সালের সঙ্গে চান সরদারের কথা কাটাকাটি হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ এলাকার নির্মাণাধীন ভবনের কাছে ডেকে নিয়ে মারধর ও ছুরিকাঘাত করা হয়।
মামলাটি তদন্ত করেন ফরিদপুর সিআইডির পুলিশ পরিদর্শক মো. শাহজাহান মিয়া। তিনি ২০১৩ সালের ৩১ জুলাই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরে তদন্তে বাবুল আকন্দের নাম যুক্ত করা হয়। মামলার বিচার চলাকালে শাহিন সরদারের (২২) মৃত্যু হয়।
আইনজীবী চৌধুরী জাহিদ হাসান (খোকন) বলেন, মামলার এজাহারভুক্ত এক আসামি মারা যাওয়ায় তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।