গাজীপুরে ট্রাকের চাপায় পথচারী নিহত
পুলিশ জানায়, ট্রাকটি কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে পথচারীকে চাপা দেয়।
গাজীপুরের কোনাবাড়ীতে চিনি বোঝাই ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে বলে কোনাবাড়ী থানার এসআই মাইকেল বণিক জানান।
নিহত একরামুল হক (৩৫) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার দেওলিয়াবাড়ী ক্ল্যাসিক মেলামাইন ইন্ডাস্ট্রি লিমিটেডে মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে এসআই মাইকেল বণিক জানান, সকালে গাজীপুর চৌরাস্তা থেকে চিনি বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে পথচারী একরামুলকে চাপা দেয়; এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাকের চালক ও সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই মাইকেল আরও জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
