মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, ১৩ বসতঘরে লুটপাট-অগ্নিসংযোগ
“আমাগো এহন থাকার ঘরডাও নাই। ঘরে যার যা ছিল, সব কিছুই লুটপাট করে নিয়ে গেছে।”
মাদারীপুরের ডাসার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় ১৩টি বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম।
আহতদের মধ্যে আব্বাস চৌধুরীকে (৪৭) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা ডাসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে খাতিয়াল এলাকায় জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল জমাদ্দারের সঙ্গে একই এলাকার আব্বাস চৌধুরীর বিরোধ চলছিল। মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনার জেরে বুধবার সকালে প্রতিপক্ষের লোকজন আব্বাস চৌধুরীকে একা পেয়ে কুপিয়ে জখম করেন। তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ খবর এলাকায় ছড়ালে দুপুর থেকে উভয়পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা যায়। এক পর্যায়ে বিকালে আব্বাসের লোকজন সংঘবদ্ধ হয়ে আবুল জমাদ্দার ও তার বংশের লোকজনের ঘরবাড়িতে হামলা ও লুটপাট চালান।
এ সময় আবুল জমাদ্দার, আনোয়ার জমাদ্দার, বেলাল জমাদ্দার, সিরাজ জমাদ্দারের ১৩টি বসতঘরে লুটপাট ও ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাধা দিতে গেলে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেন।
আগুনে ক্ষতিগ্রস্ত সিরাজ জমাদ্দার বলেন, “আমাদের প্রাণই বাঁচে না, ঘরের মালামাল সরাবো ক্যামনে। আগুনে আমার ঘরবাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে। শুধু আমি এক না, আমাগো জমাদ্দার গোষ্ঠির ১৩টি ঘরে কিছু আর বাকি নাই। সব পুড়ে শ্যাষ।
“আমরা কোনো কিছু বোঝার আগেই আব্বাসের লোকজন হঠাৎ এ হামলা চালাইছে। হামলার বিচার চাই। আমাগো এহন থাকার ঘরডাও নাই। ঘরে যার যা ছিল, সব কিছুই লুটপাট করে নিয়ে গেছে।”
বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এবং ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন।
জাহাঙ্গীর আলম বলেন, আবুল আর আব্বাস পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের সূত্রপাত। দুই গ্রুপের মধ্যে জায়গা জমি নিয়েও বিরোধ রয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
