২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে অটোরিকশা চালককে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

এ ছাড়া প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে অর্থদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

ভৈরবে অটোরিকশা চালককে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড
রায় ঘোষণার পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2024, 11:06 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

কিশোরগঞ্জের ভৈরবে সোহেল ওরফে বদর খন্দকার নামে এক অটোরিকশা চালককে হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার বিকালে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের পিপি আবু নাসের মো. ফারুক সঞ্জু জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে মো. কাজল (৩৪), ভাটি কৃষ্ণনগর গ্রামের খোকা মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (২৫), ছনহুরা গ্রামের মো. আবু মিয়ার ছেলে মো. রাব্বানী (২৬) এবং একই এলকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৬)।

মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর ভৈরব উপজেলার দুর্জয় মোড় এলাকা থেকে সোহেল ওরফে বদর খন্দকারের অটোরিকশা ভাড়া করেন আসামিরা। এদিন রাত ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের কালিকাপ্রাসাদ এলাকায় সোহেলকে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তারা।

পরদিন সকালে ঘটনাস্থল থেকে সোহেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর তার বাবা আব্দুল হান্নান খন্দকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্ত করে হত্যা মামলায় জড়িতদের চিহ্নিত করে।

২০২১ সালের ২২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন কিশোরগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক মো. জামিল হোসেন জিয়া।