২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাড়া চাওয়া নিয়ে’ সংঘর্ষে ঝিনাইদহে আহত ১০

উভয় পক্ষের লোকজন রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়, বলছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 04:41 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা ধাওড়া গ্রামে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

রোববার সকালে এ ঘটনা ঘটে বলে শৈলকুপা থানার ওসি মো. মাসুম খান জানান।

ঘটনার পর আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে তাদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, শনিবার বিকালে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে দুই নারী যাত্রীর কাছ থেকে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ধাওড়া গ্রামের ভ্যানচালক আরব আলী ও রবিউল ইসলামের মধ্যে হাতহাতি হয়। তারা ধাওড়া গ্রামের আইয়ুব মণ্ডল ও স্বপন মণ্ডলের ‘সামাজিক দলের’ সমর্থক।

তিনি বলেন, “হাতাহাতির ঘটনায় রোববার সকাল থেকেই ধাওড়া গ্রামে উত্তেজনা চলছিল। এর জের ধরে উভয় পক্ষের লোকজন রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়।

“এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে কোনো পক্ষ মামলা দেয়নি বলে ওসি মো. মাসুম খান জানান।