Published : 21 Jul 2026, 11:33 PM
নাটোরের সিংড়া উপজেলায় এক গর্ভবতী নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার ডাহিয়ার কুঞ্চিভাদরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম।
নিহত বুলবুলি খাতুন (২০) সাত মাসের গর্ভবতী ছিলেন। তার স্বামীর নাম আব্দুল্লাহ (২৫)।
পুলিশ জানায়, বুলবুলি খাতুন তার স্বামীকে বিকালে ভাত খেতে দেন। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে দুজনের মধ্যে বিতণ্ডা হয়। তখন আব্দুল্লাহ তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ মারা যান। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আব্দুল্লাহকে আটক করেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।