১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে টিস্যু বিক্রেতা বেলাল মারা যান বলে জানান এপিপি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 08:44 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় টিস্যু বিক্রেতা বেলাল হোসেন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম মাসুম।

মৃত্যুদণ্ড পাওয়া মো. নাদির ওরফে নাছির (৩৫) উপজেলার বাগপাড়া এলাকার মো. সাহাবুদ্দিনের ছেলে। যাবজ্জীবন দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার মৌচাক এলাকার প্রয়াত ইব্রাহীম খলিলের ছেলে মো. মানিক মিয়া (৪১) এবং মোহন সানারপাড় এলাকার মোশারফ হোসেন (২৫)।

রায় ঘোষণার সময় মোহন আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

নিহত বেলাল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার প্রয়াত আব্দুর রশিদের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থেকে খাবার হোটেলে টিস্যু বিক্রি করতেন।

এপিপি মাসুম বলেন, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে সানারপাড় এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন বেলাল। ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বেলাল বাধা দেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বেলালের ভগ্নিপতি মো. কাজী জাহিদ অজ্ঞাত পরিচয়দের আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন বলে জানান তিনি।

তদন্ত শেষে পুলিশ পরিদর্শক কাইউম তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন বলে জানান এপিপি মাসুদ।

সাক্ষ্য গ্রহণ শেষে একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।