নরসিংদীতে ব্যবসায়ী মনিকে গুলি করে হত্যার প্রতিবাদ, বিচার দাবি
সোমবার রাতে চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে মনি চক্রবর্তীকে গুলি করে হত্যা করা হয়।
নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা পূজা উদযাপন ফ্রন্ট।
মঙ্গলবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ে মনি চক্রবর্তীর হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তারা ব্যবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপত্তা দাবি করেন।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীপক কুমার বর্মণ প্রিন্সের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ফ্রন্টের নেতা দীপঙ্কর সাহা রানা, সঞ্জয় ধর, নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন, অ্যাডভোকেট তুষার মিত্র, রায়পুরা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক সঞ্জয় সাহা ও বাদল বণিক।
সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাড়ির পাশে গুলি করে মনি চক্রবর্তীকে হত্যা করা হয়।
