বাঞ্ছারামপুরে ৭৬ শতাংশ ভোট পড়েছে
সিইসি বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে গড়ে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে যেখানে প্রায় ৪২ শতাংশ ভোট পড়েছে সেখানে ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনে ৭৬ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
রোববারের ভোটের পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে তাতে দেখা যায়, বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এই সংখ্যক ভোট পড়েছে।
দুই দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা এই আসন থেকে টানা চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। তিনি এই নিয়ে পাঁচবার সংসদ সদস্য হলেন।
ভোটের দিন এই প্রতিবেদক বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর, মরিচাকান্দি, কালিকাপুর, আসাদনগর, বাখরনগরসহ প্রায় বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন। বিএনপিবিহীন এই নির্বাচনে এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। পুরুষের পাশাপাশি নারীরাও সেখানে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এসব কেন্দ্রে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনাও চোখে পড়েনি।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া) এ সবচে বেশি ভোট পড়েছে। সেখানে প্রায় ৮৭ শতাংশ ভোট পড়েছে। তারপর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানি) আসনে ভোট পড়েছে প্রায় ৮৩ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকা-১৩ আসনে। সেখানে ১৩ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা রির্টার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ৫৪ দশমিক ৬১ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে ৩৬ দশমিক ৮১ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ৩৬ দশমিক ৯৭ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে ৫৮ দশমিক ১৩ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ৪০ দশমিক ৯১ শতাংশ এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ভোট পড়েছে ৭৬ শতাংশ।
বাঞ্ছারামপুর আসনে মোট চারজন প্রার্থী ছিলেন। এ আসনের ভোটার ২ লাখ ৬৪ হাজার ৪৩৩। এর মধ্যে নির্বাচনে ভোট পড়েছে ২ লাখ ৯৭০টি। ত্রুটির কারণে বাতিল করা হয়েছে ১ হাজার ১৭৮টি ভোট।
বৈধ ১ লাখ ৯৯ হাজার ৭৯২ ভোটের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী তাজুল ইসলাম ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৮৭০ ভোট।
বাকি তিন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির আমজাদ হোসেন লাঙ্গল প্রতীকে ২ হাজার ৮১৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির কবির মিয়া একতারা প্রতীকে ১ হাজার ৩৭৩ ভোট এবং আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী সফিকুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৭৩২ ভোট।
এই আসনে বেশি ভোট পড়ার কারণ জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বলেন, “১৫ বছরে বাঞ্ছারামপুরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এমন কোনো জায়গা নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রকৃতপক্ষে তাজুল ইসলামের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না নির্বচানে। আমরা মানুষকে ভোটকেন্দ্রে আনার জন্য ব্যাপক প্রচার চালিয়েছি।”
এ ব্যাপারে সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম বলেন, “আমাদের উপজেলা আওয়ামী লীগে কোনো কোন্দল নেই। রাজনৈতিক প্রতিহিংসায় প্ররোচিত হয়ে কাউকে হয়রানি করা হয়নি। সমভাবে এলাকার উন্নয়ন করা হয়েছে। তাই নির্বাচনে ভোট দিতে মানুষের ঢল নেমেছিল।”
