গাজীপুরে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে আলাদা কর্নার
“মহানগরীর কোনাবাড়ি ও কালীগঞ্জ এলাকাকে ডেঙ্গু রোগের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।”
গাজীপুরে দিন দিন ডেঙ্গু রোগী বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা কর্নার করা হয়েছে।
শহীদ তাজউদ্দীন হাসপাতাল এবং টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে বর্তমানে ৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. শাহীন বুধবার সকালে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে সাত জন ভর্তি হয়েছেন। এখানে মোট ২৪ জন ডেঙ্গু রোগী রয়েছে।
হাসপাতালের অষ্টম তলায় ৮২০ ও ৮২১ নম্বর ওয়ার্ড পুরুষ রোগী এবং সপ্তম তলায় ৭২৮ নম্বর ওয়ার্ড নারী (ডেঙ্গু) রোগীর জন্য ব্যবহৃত হচ্ছে।
বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত পুরুষ ওয়ার্ডে ২১ জন এবং নারী ওয়ার্ডে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি রোগীর অধিকাংশ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি, কড্ডা, ভুরুলিয়া, বাইমাইলসহ আশেপাশের এলাকার রোগী।
কোনাবাড়ি এলাকার বাসিন্দা মো. খলিলুর রহমান (৬০) ১৮ অক্টোবর এবং মো. শামীম আক্তার (৩৩) ও সফিকুল ইসলাম (৩৬) ১৭ অক্টোবর হাসপাতালের ডেঙ্গু কর্নারে ভর্তি হয়েছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. শাহীন বলেন, মহানগরীর কোনাবাড়ি ও কালীগঞ্জ এলাকাকে ডেঙ্গু রোগের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এখানে মোট ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ, সাত জন নারী ও একজন শিশু রোগী।
তিনি বলেন, টঙ্গী হাসপাতালে ভর্তিদের অধিকাংশ টঙ্গী, পূবাইল, কামারপাড়া, মাছিমপুর ও আউচপাড়া এলাকার বাসিন্দা।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “ঘনবসতিপূর্ণ এলাকায় মানুষের মধ্যে ডেঙ্গু রোগের ব্যাপারে অসচেতনতা, বৃষ্টির পানি জমে থাকা, মশা নিধন না করা, মশারি ব্যবহার না করা ইত্যাদি কারণে ডেঙ্গু রোগী বাড়ছে।”
