২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

এ সময় মোটরসাইকেলের অপর এক আরোহী পালিয়ে যান বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার নাসিম হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 06:09 PM

Updated : 28 Sep 2026, 06:09 PM

সিরাজগঞ্জ ও কাজিপুর উপজেলার সীমান্তবাজার এলাকা থেকে একটি রিভলবার, তিনটি গুলি ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

গ্রেপ্তার নাসিম হোসেন (৩০) সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, রোববার রাতে কাজিপুর থানা পুলিশ সীমান্তবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করছিল।

রাত ১টার দিকে দুইজন আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে পেছনে থাকা আরোহী লাফ দিয়ে পালিয়ে যান। তবে অপর আরোহী নাসিমকে আটক করে তার কোমর থেকে একটি রিভলবার ও ম্যাগজিনে ভরা তিনটি গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়ামাহা কোম্পানির এফজেড মোটরসাইকেলটি জব্দ করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় কাজিপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান এবং কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।