২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে উঠতে গিয়ে বাবা-মায়ের সামনেই বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

দুর্ঘটনার সময় তার বন্ধুর বাবা-মাও ট্রেনের ভেতরে ছিলেন। ঘটনার পর তাঁরা হতভম্ব হয়ে যান।

ট্রেনে উঠতে গিয়ে বাবা-মায়ের সামনেই বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

আব্দুলপুর রেল স্টেশনে মৃতদেহ

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 05:58 PM

Updated : 24 Sep 2022, 08:19 PM

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনে ওঠার সময় হাত পিছলে পড়ে গিয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল পৌনে ৮টায় এই দুর্ঘটনা ঘটে বলে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিয়াউল আলম জানান।

নিহত হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি পাবনার ঈশ্বরদী পৌর এলাকায়। তিনি পাবনা জজ কোর্টের আইনজীবী ইসাহক আলীর ছেলে।

নিহতের বন্ধু ও প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, তারা কমিউটার ট্রেনে একসঙ্গে ঈশ্বরদী থেকে রাজশাহীতে যাচ্ছিলেন। ট্রেনটি আব্দুলপুর রেল জংশনের প্লাটফর্মে দাঁড়ালে হাসানুজ্জামান পুরি খাওয়ার জন্য ট্রেন থেকে নামেন।

“এ সময় ট্রেনটি ছেড়ে দিলে সে দৌড়ে ট্রেনের হ্যান্ডেল ধরে ওঠার চেষ্টা করে। কিন্তু পুরির তেলে হাত পিচ্ছিল থাকায় হ্যান্ডেল থেকে পিছলে ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি প্লাটফর্ম ছেড়ে যাওয়ার পর লোকজন তাঁর মৃতদেহ উদ্ধার করে।”

আরিফুল আরও জানান, দুর্ঘটনার সময় ইমতিয়াজের বাবা-মা ট্রেনের ভেতরে ছিলেন। ঘটনার পর তারা হতভম্ব হয়ে যান। তারা কারও সঙ্গে কোনো কথা বলছেন না। শুধুই নিরবে কাঁদছেন।

স্টেশন মাস্টার জিয়াউল আলম বলেন, দুপুরে রেলওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।