২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, ‘অবরুদ্ধ’ ৩২ পরিবার

অভিযোগ আছে, ১৫ এপ্রিল রাস্তার মাটি কেটে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করা হয়। সাঁকোর একটি অংশ ভেঙে ফেলা হয় এবং রাস্তার ওপর ঘরও তোলা হয়।

গোপালগঞ্জে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, ‘অবরুদ্ধ’ ৩২ পরিবার
খালের ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো ও চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 05:15 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

জমি নিয়ে দ্বন্দ্বে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি বাঁশের সাঁকো ও চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠেছে। 

এতে উপজেলার পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামের অন্তত ৩২টি পরিবার ‘অবরুদ্ধ’ অবস্থায় দিন কাটাচ্ছে।

১৫ এপ্রিল এ ঘটনা ঘটে। পরে ২১ এপ্রিল এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়ার কাছে লিখিত অভিযোগ দেয় পরিবারগুলো।

বৃহস্পতিবার ইউএনও বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি দেখা হচ্ছে। এরই মধ্যে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “আমরা উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করব। সমাধান না হলে বেড়া ভেঙে দেওয়া হবে।”

অভিযোগে বলা হয়েছে, স্বপন শরীফ ও রমজান শরীফসহ কয়েকজন রাস্তার মাটি কেটে এবং বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দিয়েছেন। তারা সাঁকোর একটি অংশ ভেঙে দিয়েছেন এবং রাস্তার ওপর ঘরও তুলেছেন। এতে ৩২টি পরিবার ‘অবরুদ্ধ’ হয়ে পড়েছে এবং ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না।

অভিযোগে বেড়া সরিয়ে সবার চলাচলের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

তবে স্বপন শরীফ ও রমজান শরীফ দাবি করেন, জমির মালিকানা তাদের। তারা বলেন, তারা বাড়িতে না থাকার সুযোগে তাদের জমির ওপর দিয়ে রাস্তা করা হয়েছে। সেই রাস্তা তারা দেবেন না। তাই রাস্তা কেটে সেখানে ঘর তুলেছেন এবং চলাচল বন্ধ করেছেন।

স্থানীয় বাসিন্দা তমিজ উদ্দিন সরদার ও জাহিদ খান বলেন, বিআরএস জরিপের ২৮১৩ নম্বর দাগের ওপর দিয়ে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে ৫০০ ফুট রাস্তা নির্মাণ করে ইউনিয়ন পরিষদ। ওই রাস্তার মাঝখানে সরকারি খালের ওপর একটি বাঁশের সাঁকোও তৈরি করা হয়। ১৩ বছর ধরে ওই পথ দিয়ে অন্তত ৪০০ মানুষ চলাচল করে আসছেন।

গ্রামের গৃহবধূ আরিফা বেগম বলেন, “ধান কাটার মৌসুম চলছে। রাস্তা বন্ধ থাকায় ধান আনা-নেওয়া করা যাচ্ছে না। ফলে ক্ষেতে কাটা ধান পড়ে আছে, যা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।”

ইউনিয়ন পরিষদের সদস্য পল্টন শিকদার বলেন, সরকারি রাস্তা কেউ বন্ধ করতে পারে না। তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি।”