ফলাফল প্রত্যাখ্যান করে শিক্ষা বোর্ডের ফটকে তালা দিল অকৃতকার্যরা
বোর্ড কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন ছেড়ে চলে যায় শিক্ষার্থীরা।
এইচএসসি ও সমমানের ফলাফল প্রত্যাখান করে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা দিয়ে ফের অকৃতকার্য শিক্ষার্থীরা আন্দোলন করছে।
মঙ্গলবার বেলা ১২টা থেকে শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচির এক পর্যায়ে বেলা ২টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তারা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।
এর আগে রোববার একই দাবিতে ১০ ঘণ্টা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবস্থান চলাকালে দুপুরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা প্রধান ফটকে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তারপরও শিক্ষার্থীরা হট্টগোল করে ভেতরে ঢুকে পড়েন। আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বাস দিতে গিয়ে বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারাও জানিয়েছেন। কিন্তু ওপর থেকে সিদ্ধান্ত না এলে এখান থেকে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।
এরপরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে থাকেন। বেলা ২টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন থাকলেও শিক্ষার্থীদের সঙ্গে কোনো তর্কে জড়াননি তারা।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের বলেন, “বেলা ১২টার দিকে কিছু শিক্ষার্থী এসে অবস্থান শুরু করে। পরে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। শিক্ষার্থীদের দাবির বিষয়ে মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের নির্দেশনা পাইনি।
“আগামী ২৭ তারিখ মন্ত্রণালয়ে সমন্বয় কমিটির মিটিং আছে। সেই মিটিংয়ে আমাদের বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা বিষয়টা নিয়ে আলোচনা তুলবেন।”
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। তবে শিক্ষার্থীদের সঙ্গে তাদের কোনো ঝামেলা হয়নি। বোর্ড কর্মকর্তাদের আশ্বাসে চলে যায় শিক্ষার্থীরা। পরিস্থিতি এখন শান্ত আছে।
