মানিকগঞ্জে নিখোঁজ ইমামের মরদেহ মিলল নদীতে
খিড়াই নদীতে রফিকুলের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার দুদিন আগে নিখোঁজ এক ইমামের মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার পুখুরিয়া এলাকায় খিড়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম জানান।
মৃত ৩৮ বছর বয়সী রফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে।
তার লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তিনি এক বছর ধরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের ‘বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের’ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি কোহিনূর ইসলাম বলেন, “রোববার ভোরে রফিকুল ফজরের নামাজ পড়ান। তবে জোহরের নামাজের সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
“স্বজন ও স্থানীয়রা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার হদিস মিলছিল না। এক পর্যায়ে সকালে খিড়াই নদীতে রফিকুলের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
