ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৩ কিশোর-কিশোরী
ভালো কাজের প্রলোভনে তাদের পাচার করা হয়েছিল বলে ভাষ্য পুলিশের।
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছে ১৩ বাংলাদেশি কিশোর-কিশোরী। যাদের ভালো কাজের প্রলোভনে পাচার করা হয়েছিল বলে ভাষ্য পুলিশের।
মঙ্গলবার বিকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করে বলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আজহারুল ইসলাম জানান।
বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা কিশোর-কিশোরীদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ গ্রহণ করে বলে জানান তিনি।
ফেরত আসাদের মধ্যে ছয়জন কিশোর, একজন তরুণী ও ছয়জন কিশোরী। তারা সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, পিরোজপুর, পটুয়াখালী, মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বাসিন্দা বলে জানা গেছে।
ওসি আজহারুল ইসলাম বলেন, “ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে দুই বছর আগে তারা অবৈধভাবে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে পুলিশ।
“পরে আদালতে সোপর্দ করা হলে তাদের কারাগারে পাঠানো হয়। সেখানে সাজাভোগের পর ভারতের দুটি মানবাধিকার সংস্থা ‘ধ্রুবাশ্রম’ ও ‘সুকন্যা’ তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।”
তিনি বলেন, বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বিকালে তারা দেশে ফিরেছে। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেখান থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানান ওসি আজহারুল।
‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ যশোরের ঊর্ধ্বতন প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ফেরত আসা ১৩ জনকে শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
