২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টমার্টিন থেকে ফিরতে দমকা হাওয়ার কবলে জাহাজ, আতঙ্কিত পর্যটকরা

অনেকেই বমি করার পাশাপাশি লাইফ জ্যাকেট পড়ার জন্য ছোটাছুটি করেন বলে জানান জাহাজে থাকা পর্যটকরা।

সেন্টমার্টিন থেকে ফিরতে দমকা হাওয়ার কবলে জাহাজ, আতঙ্কিত পর্যটকরা

দমকা হওয়ার কবলে পড়ে জাহাজটি প্রচণ্ডভাবে দুলতে থাকে।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2023, 10:24 PM

Updated : 15 Feb 2023, 12:31 PM

সেন্টমার্টিন থেকে পর্যটক নিয়ে ফেরার পথে দমকা হাওয়ার কবলে পড়ে একটি জাহাজের পর্যটকের মধ্যে চরম আতঙ্কের পরিস্থিতিতে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েন অনেকে। 

মঙ্গলবার বিকালে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে জাহাজটি হেলতে-দুলতে থাকলে এমভি পারিজাত নামের জাহাজের ২৪০ জন পর্যটক এমন পরিস্থিতির মুখোমখি হয়েছেন বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের টেকনাফের এসআই সিরাজুল ইসলাম । 

টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে চলাচলকারী ওই জাহাজে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাশেদ বলেন, “জাহাজটিতে প্রায় আড়াই শতাধিক পর্যটক ছিল। সেন্টমার্টিন জেটি থেকে ছেড়ে আসার ১৫ মিনিটের মধ্যেই বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়লেই জাহাজটি প্রচণ্ডভাবে দুলতে থাকে। 

“এই সময় জাহাজে থাকা শিশু, নারী ও পুরুষেরা পযটকেরা অনেকে কান্নাকাটি ও বমি করেন। অনেকেই বমি করার পাশাপাশি লাইফ জ্যাকেট পড়ার জন্য ছোটাছুটি করেন।” 

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি পারিজাত জাহাজে প্রায় দুইশ পর্যটক সেন্টমার্টিন দ্বীপ বেড়াতে গিয়েছিলেন। 

বিকাল সাড়ে ৩টার দিকে জাহাজটি সেন্টমার্টিন জেটিঘাট থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেয়। তখন জাহাজে সোমবার বেড়াতে যাওয়া অর্ধশতাধিক পর্যটকও যুক্ত হন। 

শিক্ষার্থী মোহাম্মদ রাশেদ আরও বলেন, “এই জাহাজে আমাদের ৩৭ জন শিক্ষক-শিক্ষার্থী ছিলেন। তাদের অধিকাংশই আতঙ্কিত হয়ে পড়েন। তবে আল্লাহর বড় রহমতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে পর্যটকেরা রক্ষা পেয়েছেন।

Image

দমকা হওয়ার কবলে পড়ে জাহাজটি প্রচণ্ডভাবে দুলতে থাকে।

“সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাহাজটি টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছালে পর্যটকদের মাঝে স্বস্তি নেমে আসে।” 

এ বিষয়ে এমভি পারিজাত টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ সোহেলের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি ফলে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

টুরিস্ট পুলিশের টেকনাফের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, দমকা হওয়ায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়লে জাহাজটি হেলে-দুলে চলতে থাকে। এতে করে পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সব পর্যটক নিরাপদে টেকনাফে ফিরেছেন।