২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে বিদেশিদের কথা বলা কমে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, “সন্ত্রাসীদের প্রোমোট করলে ওদেরও (বিদেশি) বারোটা বাজবে।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 10:55 PM

Updated : 24 Dec 2023, 10:55 PM

নির্বাচন নিয়ে বিদেশিদের কথা বলা কমে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, “নির্বাচন নিয়ে বিদেশিদের নানা ধরনের কথা এখন কমে গেছে। ওরাও দেখেছে, সন্ত্রাসীদের প্রোমোট করলে ওদের বারোটা বাজবে। সুতরাং তারা চুপসে গেছে। তারাও বলেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসো। এটাই সরকার পরিবর্তনের একমাত্র পথ।”

রোববার বেলা ১১টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় নির্বাচনি প্রচার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-১ (সদর) আসনে নৌকার প্রার্থী মোমেন বলেন, “যাদের প্রতি একটু নরম ছিল তারা (বিদেশিরা), তারাই এখন ওদের (বিএনপি) পছন্দ করে না। কারণ, বিএনপি এখন দল নয়; সন্ত্রাসী হয়ে গেছে। সন্ত্রাসীর জায়গা পৃথিবীর কোথাও নেই।”

বর্তমান সরকারের এ মন্ত্রী বলেন, “যদি সরকার অপছন্দ হয়, নিশ্চয় আপনি জনগণের সমর্থন নিয়ে সরকার পরিবর্তন করবেন। কিন্তু সন্ত্রাসী তৎপরতা করে, জ্বালাও-পোড়াও করে নিরীহ মানুষ মেরে ফেললে কোনো লোকই সেটা গ্রহণ করবে না।

তাদের (বিএনপির) নেতৃত্বের দুর্বলতা অনেক বেশি। তারা আসলেই বাস্তববাদী নয়। তারা যদি বাস্তববাদী হয়ে নির্বাচনে আসত, এবার যদি সরকার গঠন নাও করত; ভবিষ্যতে সুযোগ ছিল। কিন্তু সে সুযোগও তারা হারাল।”

মানুষ ভোট দিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে দাবি করে তিনি বলেন, “সব প্রার্থীকেই সমানভাবে দেখি, অনেক অদৃশ্য ভোট থাকবে। যারা ভোটে আসেনি, নির্বাচনের সময় তারা ‘অদৃশ্য ভোট’ হয়ে যায়।”

গত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অনেক ‘অদৃশ্য ভোট’ ছিল দাবি করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “যদি অনেক অনেক লোক ভোট দেন, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়বে।”

“এখন যারা অগ্নিসন্ত্রাস করছে, গাড়ি জ্বালাচ্ছে, বাড়ি জ্বালাচ্ছে, পুলিশ মারছে, হাসপাতাল জ্বালাচ্ছে, তখন তারা একটি ভালো শিক্ষা পাবে যে, এই জ্বালানো-পোড়ানো রাজনীতি নয়,” যোগ করেন আব্দুল মোমেন।

বিএনপির নির্বাচন প্রতিহতের ডাক লোকজন আমলে নিচ্ছে না দাবি করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বিএনপি নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে, এটি খুবই দুঃখজনক। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।”