বরিশালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
এ নিয়ে হামের উপসর্গে বরিশাল বিভাগে ১২ শিশুর মৃত্যু হয়েছে।
হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে বরিশাল বিভাগে ১২ শিশুর মৃত্যু হয়েছে।
অপরদিকে ২৪ ঘণ্টায় নতুন করে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে আরো ১০০ জন ভর্তি হয়েছে।
মারা যাওয়া দুই শিশু হল- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পান্না খানের পাঁচ মাস বয়সী ছেলে ইমাম এবং বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা আবু বক্করের ছেলে নয় মাস বয়সী আবু সালেহ।
হামের উপসর্গ নিয়ে ইমাম সোমবার এবং আবু সালেহ মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাদের মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১০০ জন। এর মধ্যে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৬২ রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৯৬ জন।
১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বরিশাল বিভাগে হামের উপসর্গ থাকা এক হাজার ৮০ জন রোগী পাওয়া যায়। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ৮২৭ জন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়। তাদের মধ্যে ৫২ জন রোগীর হাম শনাক্ত হয়েছে।
