Published : 17 Aug 2026, 04:16 PM
কুমিল্লার কুমিল্লা সদর উপজেলায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তিন লাখ ইয়াবা জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরঝুলি এলাকা থেকে এ ইয়াবার চালান আটক করা হয় বলে কুমিল্লা জেলা গোয়েন্দা ওসি শামছুল আলম শাহ জানিয়েছেন।
আটকরা হলেন- প্রাইভেট কারের চালক আমান উল্লাহ (৩৫) ও ফয়সাল হোসেন (২৫)। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
ওসি শামছুল আলম বলেন, “গোপন খবরে ডিবির একটি দল জাগুরঝুলি এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতরে রাখা একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় ইয়াবাগুলো।”
জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা। এটি এ যাবৎকালে কুমিল্লায় আটক করা ইয়াবার সবচেয়ে বড় চালান বলে দাবি এ পুলিশ কর্মকর্তার।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেছেন, “আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।”