২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ছাত্রদল ও রাকসুর জিএসের পাল্টাপাল্টি বক্তব্যে ‘উত্তেজনা’

ছাত্রদল নেতার বক্তব্যের পরই ফেইসবুকে প্রতিক্রিয়া জানান রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 11:23 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের পাল্টাপাল্টি বক্তব্যে ‘উত্তেজনার’ সৃষ্টি হয়েছে। 

সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ছাত্রদল ক্যাম্পাসে আনন্দ মিছিল করে। 

মিছিল শেষে সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ ক্যাম্পাসে শিক্ষক হেনস্তার প্রসঙ্গ এনে বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আপনার মত ‘ফুটেজখোর’ সালাউদ্দিন আম্মারকে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে সক্ষম।”

এই বক্তব্যের পরই প্রতিক্রিয়া জানান রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। 

তিনি ফেইসবুক পোস্টে লেখেন, “কোনো মেয়াদ উত্তীর্ণ অছাত্র রাকসুর আশেপাশেও যেনো না দেখি। তাদের জন্য রুয়া (রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন) আছে, রাকসুতে তাদের কাজ নাই।

“আল্টিমেটাম দিলাম আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা যদি ক্যাম্পাসে ঢুকে তাহলে জোহা চত্বরে বেঁধে রাখব। রেগে গেল ক্যাম্পাসের ছাত্রদল আর বিএনপি! ছাত্রদল ও ছাত্রলীগ একই ভাষায় বিবৃতি দিল, বিএনপিপন্থি শিক্ষকরা ভিসির কাছে নালিশ দিল তারা নাকি ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে। বললাম লীগরে আর ভয় পাইতেছে বিএনপির টিচাররা।”

রাকসু জিএস ছাত্রদলকে ‘চাচা’ ও ‘চান্দাভাই’ আখ্যা দিয়ে লেখেন, “আরেকটা পয়েন্টে আসি- ছাত্রদলের আহ্বায়ক ভিসির চেয়ারসহ পদ্মা নদীতে ফেলে দিতে চাইল, এটার থেকে আমার কথাটা বড়? বিএনপির চেতনাবাজদের বিবৃতি কোথায়? ছাত্রদলের এক চাচা আজ ঘোষণা দিল ৩০ মিনিটে তালা মেরে দিবে। বলি চাচা শুনেন! মোন দিয়ে শুনবেন! ক্যাম্পাসে ২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত কুকুর-বিড়ালের মত এই ক্যাম্পাসে পড়ে থেকে ক্যাম্পাসের বোঝা হব না। ১ দিন থাকলে থাকার মত করেই থাকব। একেকজন ১০-১২ বছর ক্যাম্পাসে থেকে কোন কল্যাণে আসছেন একটু ভেবে দেইখেন।”

“রাকসুর সাধারণ সম্পাদকের গঠনতন্ত্র অনুযায়ী যা কাজ আছে সব করতেছি কিনা একবার দেখে যাইয়েন, কাজ করার পরেও যদি রাকসুতে আসছেন ১, ২, ৩, ৪ করে দিবো। আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে কাজ করবো, সাহস থাকলে আসো চান্দাভাই।”

এ ব্যাপারে জানতে চাইলে রাতে সালাহউদ্দিন আম্মার বলেন, “ছাত্রদল যেই প্রেক্ষিতে কথা বলেছে, আমি সেটা আমার পোস্টে উল্লেখ করেছি। তারা যেভাবে আমার বিষয়ে কথা বলেছে, আমিও সেভাবেই জবাব দিয়েছি। এ বিষয়ে আর কিছু বলার নেই।”

আরও পড়ুন:

সহকর্মীদের অবমাননা ও 'মব' সৃষ্টিতে ক্ষোভ রাবির বিএনপিপন্থি শিক্ষকদের

আন্দোলনের মুখে রাবির আওয়ামীপন্থি ৬ ডিনকে অব্যাহতি

শিক্ষকদের প্রতি মারমুখি আচরণ জ্ঞানচর্চার জন্য হুমকি: রাবি ছাত্রদল

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির আওয়ামীপন্থি ৬ ডিন

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগের দাবিতে চেম্বারে তালা