২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

মৃত শিশুদের পরিবার বলছে, তাদের লাশ এলাকাবাসী উদ্ধার করে। কেউ সাঁতার জানত না।

টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2025, 01:00 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে।

উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন জানিয়েছেন।

মৃত নাঈম (১০) ও শাওন (১২) ওই গ্রামের সৌদি প্রবাসী জমির উদ্দিন ও তার ভাই হাবিল উদ্দিনের ছেলে।

মৃত শিশুদের পরিবার বলছে, বুধবার বিকালে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে তাদের জুতা ও গেঞ্জি পড়ে থাকতে দেখেন।

পরে রাত ১০ টার দিকে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী। দুই শিশুর কেউ সাঁতার জানত না।

ওসি মীর মোশারফ হোসেন বলেন, “আমরা খবর পেয়েছি পুকুরের পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিবার আমাদের কাছে কোন অভিযোগ করেনি।”