নরসিংদীতে চরের জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২
পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুপক্ষের অন্তত ১২ জন আহত হওয়ার খবর এসেছে।
সোমবার সকালে উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মনসুর আলীর বাড়ি ও সাবুদ আলীর বাড়ির সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
মনসুর আলী বাড়ির পক্ষের আহতদের মধ্যে আছেন, প্রয়াত বাচ্চু মিয়ার স্ত্রী সখিনা বেগম (৫৫), ছেলে মকবুল হোসেন (২৫), সাদত আলীর ছেলে আশরাফ আলী (৪৫), শুক্কুর আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫), ছায়দুল ইসলাম (২৫) ও শুক্কুর আলীর স্ত্রী আমেনা বেগম (৬০)।
অন্যদিকে, সাবুদ আলীর বাড়ির পক্ষের আহতদের মধ্যে আছেন, মস্তু মিয়ার ছেলে মোখলেস (৫০), আলী আজমের ছেলে নাজীর মিয়া (৪৫), প্রয়াত কালু মিয়ার ছেলে লাক মিয়া (৪২)।
তাদের মধ্যে মকবুল হোসেন হাতবোমার বিস্ফোরণে চোখে আঘাত পেয়ে ঢাকায় চিকিৎসাধীন।
আহত অন্যরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১ বছর আগে নজীর মিয়া একই এলাকার হাসান মিয়ার ছেলে মনু মিয়ার কাছ থেকে একটি জমি ক্রয় করেন। একই জমি অন্য আরেকজনকে কিনে দিতে চাইছিলেন নান্নু মিয়া নামের সাবেক ইউপি সদস্য।
এ নিয়ে নান্নু মিয়া ও নজীর মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। নান্নু ও নজীর একই বাড়ির লোক।
নান্নু মিয়ার পক্ষে বিরোধে জড়িত হন হুমায়ুন কবির বরকত আলী ও তার বাড়ির লোকজন।
বরকত আলী সাবুত আলী বাড়ির নেতৃত্ব দেন।
এ বিষয়ে নজীর মিয়া বলেন, “আমি একটা জমি কিনেছি, সেটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল এটা নিয়ে মিমাংসায় বসলে বিরোধে জড়িয়ে আমার একজন লোককে পিটিয়ে আহত করে। এরই জেরে পুনরায় আজ ভোরে তারা নান্নু মিয়া মেম্বার ও বরকত আলীর নেতৃত্বে অতর্কিত হামলা করে। এতে নারী পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।”
এ বিষয়ে নান্নু মিয়ার মোবাইলে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
একই বিষয়ে সাবুত আলী বংশের পক্ষে নেতৃত্ব দেওয়া বরকত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “জমিসংক্রান্ত বিরোধ নিয়ে মনসুর আলীর বাড়ির লোকজন ঝগড়ায় জড়িয়েছে। এখানে আমার সম্পৃক্ততা নেই। গেল পরশু রাতে তারা মিমাংসায় বসে বিরোধে জড়ান। এর জেরেই আজ সংঘর্ষের ঘটনা ঘটে।”
রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
এ ঘটনায় এখনো কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
