মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অস্ত্রসহ গ্রেপ্তার
ছাত্রদলের সাবেক এই নেতার নামে বিভিন্ন অভিযোগে থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তবে তাকে গ্রেপ্তারের ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি বিএনপি নেতাদের।
এ সময় তার কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি গুলি, ১৫টি ইয়াবা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকালে সদর উপজেলার ভিটাসাইর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মাগুরা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মো. সাফিন।
গ্রেপ্তার সবুজ পৌর এলাকার ভিটাসাইর গ্রামের লোকমান হোসেনের ছেলে। ২০১৮ সালের ৬ জুন তাকে মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়।
মেজর সাফিন সাংবাদিকদের বলেন, “সকালে সবুজ সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে শহরে মিছিল করার চেষ্টা করেন। এ সময় সেনা সদস্যরা মিছিলকারীদের বাধা দিয়ে তা বন্ধ হয়ে যায়।”
এর আগেও সবুজের বাড়িতে অভিযান চালিয়ে কিছু মাদক জব্দ করা হয়েছিল বলে জানান তিনি।
তিনি বলেন, “আগের অভিযানে ক্ষুব্ধ হয়ে সবুজ একটি বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করছিলেন। এ জন্য কিছু লোক ভাড়া করেন বলেও আমাদের কাছে তথ্য রয়েছে।
“বিকালে অভিযান চালিয়ে দেশি পিস্তল, গুলি, ইয়াবা এবং রামদাসহ সবুজকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার নামে বিভিন্ন অভিযোগে থানায় ১৪টি মামলা রয়েছে।”
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, সবুজ পরীক্ষিত ছাত্রদল নেতা। তার বিরুদ্ধে কোনো অস্ত্রবাজির অভিযোগ নেই। আগে অভিযান চালিয়ে কিছু পায়নি। আবার তার বাড়িতে অভিযানে এসব পেল, এটা ষড়যন্ত্রমূলক হতে পারে। কেউ তার বাড়িতে এসব রেখে যেতে পারে, বিষয়টি সন্দেহজনক।”
এ ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান এই বিএনপি নেতা।
