আন্দোলনে রংমিস্ত্রি নিহত, মুন্সীগঞ্জে সাবেক এমপিসহ ৪৫১ জনের নামে মামলা
৪ অগাস্ট ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে রংমিস্ত্রি সজল প্রাণ হারান বলে জানায় পুলিশ।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মুন্সীগঞ্জে ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে রংমিস্ত্রি মোহাম্মদ সজল নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ ৪৫১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
শুক্রবার সজলের (৩০) ভাই শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান।
মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য বিপ্লবকে প্রধান করে ৩০১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া মামলায় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন, তার স্ত্রী সোহানা তাহমিনা এবং মহিউদ্দিনের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামানকে আসামি করা হয়েছে।
মামলার বরাতে ওসি খলিলুর রহমান জানান, ৪ অগাস্ট আসামিরা পরস্পর যোগসাজশে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশে ছাত্র-জনতার মিছিলে হামলা, হাতবোমার বিস্ফোরণ ও গুলি চালায়। বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যা মামলাটি গ্রহণ করা হয়েছে।
সেইসঙ্গে মামলায় ঘটনার দিন ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
ছাত্র-জনতার আন্দোলনে মুন্সীগঞ্জে তিনজন এবং রাজধানীসহ বিভিন্ন স্থানে এ জেলার আরও সাতজন প্রাণ হারান; আর আহত হয়েছেন শতাধিক।
৪ অগাস্ট মুন্সীগঞ্জে তিনজন নিহতের ঘটনায় আগে আরও দুটি হত্যা মামলা হয়েছে। এ নিয়ে আলাদা তিনটি মামলার কথা জানিয়েছে পুলিশ।
