যশোরে প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ সংগ্রহে ওয়েবসাইট-অ্যাপ
ওয়েবসাইট ও মোবাইল ফোনের অ্যাপ চালু করেছেন বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ভোটার তথ্য বা ভোটার স্লিপ সহজে সংগ্রহ করতে ওয়েবসাইট ও মোবাইল ফোনের অ্যাপ চালু করেছেন বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ওয়েবসাইট ও অ্যাপের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দুপুর ১২টায় প্রেস ক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় জানানো হয়, ভোটাররা এখন থেকে ww.vote4anindaislamamit.com ওয়েবসাইট এবং Smart Voter Info BD অ্যাপের মাধ্যমে সহজেই তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে নিজের জন্ম তারিখ এবং ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড নম্বর লিখে সার্চ দিলেই মিলবে ভোটার স্লিপ।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।
