২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন বন্ধ

ছয় দফা দাবিতে সাড়া না মেলায় রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন বন্ধ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ ছয় দফায় সাড়া না মেলায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 04:57 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

বহিরাগতদের হামলার ঘটনায় উপাচার্যের ক্ষমা চাওয়াসহ ছয় দফা দাবিতে সাড়া না মেলায় রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। 

সোমবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন বলেন, “রেলপথ অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ও জামালপুর কমিউটার ট্রেন আটকা পড়েছে।”

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থী এ এইচ এম হিমেল ২টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যানসহ ছয়দফার আলটিমেটাম দেন।

শিক্ষার্থীরা জানান, উপাচার্য অধ্যাপক এ কে এম ফজলুল হক ভূঁইয়াকে দুপুর ২টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ ছয়দফার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। 

সেইসঙ্গে দুপুর ২টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, হলগুলোতে সব সুবিধা নিশ্চিত করতে হবে, প্রক্টরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ, হামলার সঙ্গে জড়িত শিক্ষক কৃষি অনুষদের আসাদুজ্জামান সরকার, তোফাজ্জল, শরীফ, রাফি, বজলুর রহমান মোল্লা, মনির, আশিকুর রহমান, কামরুজ্জামানসহ বহিরাগত ‘সন্ত্রাসীদের’ দৃষ্টান্তমূলক শাস্তি, ‘কম্বাইন্ড ডিগ্রি’ অনতিবিলম্বে প্রদান করতে হবে।

পশুপালন অনুষদের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, “যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি। বহিরাগতদের দিয়ে আমাদের ওপর হামলা করা হয়েছে। হামলার বিচার, হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, ‘কম্বাইন্ড ডিগ্রি’ চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। প্রশাসন এসে দাবি মেনে নিলেই আমরা অবরোধ তুলে নেব।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল আলীম বলেন, প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এর আগে দাবি আদায়ে প্রায় দুইশ শিক্ষক ও কর্মকর্তাকে রোববার দিনভর অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে বহিরাগতের হামলায় সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন।

পরে উদ্ভুত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন‍্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি সব শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত‍্যাগের নির্দেশ দেওয়া হয়।

তবে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে সকাল ৯টার দিকে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা ‘কে আর’ মার্কেটে জড়ো হন। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ছয় দফার আল্টিমেটাম দেন তারা।

উপাচার্যকে ক্ষমা চাইতে বললেন বাকৃবি শিক্ষার্থীরা, অন্যথায় ‘কঠোর আন্দোলন’

হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবিতে কঠোর নিরাপত্তাহল ছাড়ছেন শিক্ষার্থীরা

বহিরাগতদের হামলার পর বাকৃবি বন্ধ ঘোষণাহল ছাড়ার নির্দেশ

বাকৃবিতে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধারে হামলাশিক্ষার্থীসহ আহত ১০

বাকৃবিতে ভিসিসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ