টাঙ্গাইলে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অভিযোগকারী বিএনপি নেতা।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিরামারুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিউল আলম তালুকদার অভিযোগ করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মতিউল আলমের অভিযোগ, “বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী দলীয় কর্মসূচি পালন হয়। শুক্রবার ছিল দোয়া মাহফিল। এসব কর্মসূচিতে ঈর্ষাণীত হয়ে দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মণ্ডলের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। কয়েকটি দোকানপাটে ভাঙচুর করে নগদ টাকা লুটপাট করা হয়েছে।”
তিনি আরও বলেন,“ আমরা দলীয় কর্মসূচি পালন করলেও কারো কোনো ক্ষতি করিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এর বিচার দাবি করি।”
অভিযোগ ওঠা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের ব্যবহৃত নম্বরে কল করা হলে তিনি ‘রং নাম্বার’ বলে ফোন কেটে দেন।
কালিহাতি থানার ওসি কামরুল ফারুক বলেন, “এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
