২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজ মাহফিলে যাওয়ার পথে বাসের ধাক্কায় ইমাম নিহত

তিনি মাগরিবের নামাজে ইমামতি শেষে নিজের বাইক চালিয়ে একটি ওয়াজ-মাহফিলে যাচ্ছিলেন, স্থানীয়দের বরাতে জানায় পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 11:32 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

শেরপুরের নকলায় বাইকে চড়ে ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে বাসের ধাক্কায় মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নকলা পৌরসভার কুর্শা মোড়ে এ ঘটনা ঘটে বলে নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান।

নিহত হাফেজ উসমান গণি (৪৫) নকলা পৌর এলাকার কুর্শা বাদাগৈড় মহল্লার প্রয়াত আমজাদ আলীর ছেলে।

দুই ছেলে ও এক মেয়ের বাবা উসমান গণি ওই এলাকার একটি মসজিদের ইমাম ছিলেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি হাবিবুর রহমান বলেন, হাফেজ উসমান গণি শনিবার মসজিদে মাগরিবের নামাজে ইমামতি শেষে নিজের বাইক চালিয়ে ফুলপুর উপজেলার মিসকিপাড়া গ্রামে ওয়াজ-মাহফিলে যাচ্ছিলেন।

তিনি কর্শা মোড়ে পৌঁছলে শেরপুর থেকে ছেড়ে আসা  কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তার বাইকটিকে ধাক্কা দেয়। এতে উসমান গণি বাহনটিসহ বাসের নিচে চলে যান। 

খবর পেয়ে নকলা থানার পুলিশ ও শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের নিচে আটকে থাকা অবস্থায় উসমান গণির লাশ উদ্ধার করেন। 

ওসি বলেন, “এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”