২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

পুলিশ জানায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2024, 09:47 AM

Updated : 10 Sep 2026, 12:10 PM

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা আরোহী এক নারীর প্রাণ গেছে; যিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।  

উপজেলার সুতাং এলাকার ঢাকা-সিলেট সড়কে শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম জানান।

নিহত ২৫ বছর বয়সী মিতু আক্তার মাধবপুর উপজেলার বাখরনগর এলাকার স্বপন মিয়ার স্ত্রী।

এ দুর্ঘটনায় নিহতের সন্তানসহ আরও চার যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় তিন জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্বজনদের বরাতে ওসি তৈমুর বলেন, “মিতু হবিগঞ্জে ডাক্তার দেখিয়ে অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। পথে সুতাং এলাকায় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মিতুর মৃত্যু হয়।“

দুর্ঘটনার পর পরই অটোরিকশা ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।