২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের ঠেলে দেওয়া ছয়জন লালমনিরহাটে আটক

বিজিবি জানায়, তাদেরকে পাটগ্রামের দইখাওয়া সীমান্ত পিলার ৯০৮/এস এর কাছে ঠেলে দেওয়া হয়।

বিএসএফের ঠেলে দেওয়া ছয়জন লালমনিরহাটে আটক
ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জনকে লালমনিরহাটে আটক করেছে বিজিবি।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 10:48 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফের ঠেলে দেওয়া ছয়জনকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আটক করেছে বিজিবি। 

শুক্রবার দুপুরে বুড়িমারী রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে ৬১ বিজিবি ব্যাটালিয়নের তিস্তা-২ এর আওতাধীন বুড়িমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাসেম জানান। 

আটকরা হলেন- সলিম উদ্দিন আহমদ (৪৮), আব্দুল গফুর (৫৬), কিসমত আলী (৬৩), রহমত আলী (৩৫), হাফিজা বেগম (৩৫) ও নূরজাহান বেগম (৪৫)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে ভারতের আসাম রাজ্যের সীমান্তবর্তী এলাকা থেকে গীতলদহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশের পাটগ্রামের দইখাওয়া সীমান্ত পিলার ৯০৮/এস এর কাছে ঠেলে দেয়। 

তারা প্রথমে স্থানীয় এক ব্যক্তির আশ্রয়ে ছিলেন। পরে শুক্রবার দুপুরে বুড়িমারী রেলস্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিজিবি তাদের আটক করে।

আটক কিসমত আলী স্থানীয় সাংবাদিকদের বলেন, তার বাড়ি আসামের নহাটি গ্রামে। তার ভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড সবই রয়েছে। তবু তাদেরকে বাংলাদেশি বানিয়ে জোর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। দুই বছর ধরে সেখানে অনেক কষ্ট করেছেন। 

বুড়িমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাসেম বলেন, “আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাগজপত্র বিএসএফের কাছে পাঠানো হয়েছে। বিএসএফ জানিয়েছে, বিষয়টি ভারতের পুলিশের মাধ্যমে যাচাই করে ৩১ মে’র মধ্যে জানাবে। তারা যদি প্রকৃত ভারতীয় নাগরিক হন, তবে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফেরত নেওয়া হবে।”