২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই পাড়ার সংঘর্ষ থামাতে গিয়ে আহত বিএনপি নেতা

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহতের পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জে দুই পাড়ার সংঘর্ষ থামাতে গিয়ে আহত বিএনপি নেতা
সিরাজগঞ্জ শহরে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আহত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু হাসপাতালে চিকিৎসাধীন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 06:06 PM

Updated : 26 Aug 2026, 11:49 AM

সিরাজগঞ্জ শহরে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আহত হয়েছেন।

এ ছাড়া সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহতের পাশাপাশি বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার সকাল থেকে শহরের মিলনমোড় ও থানারোড এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির।

আহত বিএনপি নেতা সাইদুর রহমানকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দলের নেতাকর্মীরা তাকে দেখতে যান।

বাকি আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে থানা রোড এলাকায় একটি বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে পাশের মিলনমোড় এলাকার যুবকদের সঙ্গে মারপিটের ঘটনা ঘটে। এ নিয়ে আবার সকাল থেকে দুই পাড়ার লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এ সময় ইটের বড় একটি টুকরা বাচ্চুর বুকের ডান পাশে লাগে। দ্রুত তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়।

এ ছাড়া সংঘর্ষে আহত ফাহিম, সেন্টু ও সোহানসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। তারা সরকারি ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি আছেন। এই হাসপাতালের পরিচালক চিকিৎসক আব্দুস সামাদ খোকন বলেন, “বাচ্চু বুকে গুরুতর আঘাত পেয়েছেন। পরীক্ষা করার পর তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

ওসি হুমায়ুন কবির বলেন, সংঘর্ষের খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।