Published : 06 Jun 2026, 05:30 PM
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হক।
নিহত বিউটি আক্তার (২৫) ঘনশ্যামপুর গ্রামের ওমানপ্রবাসী ইব্রাহিম মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, শনিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির একটি ঘরে বিউটি আক্তারের লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ কে এম সালিমুল হক বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।”
তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।