১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় দেশীয় মদসহ গ্রেপ্তার ৩

তাদের কাছ থেকে লাল-কালো রঙের স্কুটি, একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2025, 12:51 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

বগুড়া শহরে ৬৩ লিটারের বেশি দেশীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের ‘মাদক ব্যবসায়ী’ বলছে র‍্যাব৷

শুক্রবার রাতে শহরের ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

গ্রেপ্তাররা হলেন- শহরের চক সূত্রাপুর হরিজন কলোনী এলাকার মৃত বাদল হরিজনের ছেলে বাদশা হরিজন (৩৫) ও বারুদ হরিজন (২৫) এবং সারিয়াকান্দির হাট শেরপুর এলাকার আব্দুল করিমের ছেলে সোহাগ মাহামুদ (২৬)। 

র‌্যাব কর্মকর্তা ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় মদসহ তিনজনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৬২ দশমিক ৭ লিটার দেশীয় মদ, একটি লাল-কালো রঙের হোন্ডা কোম্পানির স্কুটি, একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড এবং ১১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।