২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ছাত্রদের সমাবেশে বিএনপি, আওয়ামী লীগের ধাওয়া

কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ফিরে যায়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2024, 10:10 PM

Updated : 26 Aug 2026, 10:09 AM

রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়া বিএনপির নেতাকর্মীসহ ছাত্রদের ধাওয়া দিয়েছে আওয়ামী লীগ। 

শনিবার বিকালে শহরের পান্না চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে বিকাল ৪টার দিকে শহরের বড়পুল এলাকায় জড়ো হয় কয়েকশ ছাত্র-ছাত্রী। সে সময় বিএনপির কিছু নেতাকর্মী যোগ দেন শিক্ষার্থীদের মিছিলে। পরে বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড হাতে শিক্ষার্থীদের সঙ্গে মিছিল বের করে।

মিছিলে শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান এবং ‘ভুয়া ভুয়া’ ধ্বনি তুলে। 

মিছিলটি পান্না চত্বরে এসে থামার পর সেখানেও স্লোগান দিচ্ছিল। 

ছাত্রদের কর্মসূচি চলাকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল পুলিশের কড়া প্রহরা।

বিকাল ৫টার দিকে আওয়ামী লীগের একটি মিছিল পান্না চত্বরে দিকে আসে। 

পুলিশের বাধা পেরিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি ও ছাত্রদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে, ছাত্রদের কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ফিরে যায়। 

সেখানে সমাবেশে বক্তব‌্য দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল। শহরের পান্না চত্বরে শিক্ষার্থীদের সমাবেশে আওয়ামী লীগ ধাওয়া দিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে ম‌িছিল করে তারা আওয়ামী লীগ কার্যালয়ে চলে যান।”