২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোটের নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 06:21 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের নেতাদের নিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

দলটির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক সোমবার বিকালে দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এই সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর নেতা সাইফুল ইসলাম শহীদ; যিনি জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাকে আসন ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। এ ছাড়া শহীদ পরিবারের সদস্য, জোট নেতা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের হাসনাত আব্দুল্লাহ বলেন, “একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা কাজ করব। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছর আমাদের মৌলিক মানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, অর্থনৈতিক টানাপোড়নের মধ্য দিয়ে আমরা গিয়েছি। সেই জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, সেটি যেন সার্বজনীনতা পায়।”