নাটোরে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঢোকা ছাত্রদল নেতা বহিষ্কার
“চাচাতো বোনকে আসন দেখিয়ে দিতে গেলে কেউ ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ছবি তুলে ছড়িয়ে দেয়,” বলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা।
এইচএসসি পরীক্ষার প্রথম দিন নাটোরের একটি কেন্দ্রে প্রবেশ করা এক নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদল; ঘটনার পর কেন্দ্র সচিবকেও কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বনপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে রাকিব সরদার নামে ওই ছাত্রদল নেতা প্রবেশ করেন বলে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান।
বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলামের ছেলে।
এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয় লোকজন বলছেন, পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রে প্রবেশ করেন রাকিব। পরে পরীক্ষার হলে শিক্ষার্থীদের সঙ্গে তার কথা বলার একাধিক ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা হয়।
এ ঘটনায় বিকালে রাকিবকে তার দলীয় পদ থেকে বহিষ্কার করে জেলা ছাত্রদল।
রাকিব সাংবাদিকদের বলেন, নিজের চাচাতো বোনকে তিনি কেন্দ্রে পৌঁছে দিতে গিয়েছিলেন। তাকে আসন দেখিয়ে দিতে গেলে কেউ ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ছবি তুলে ছড়িয়ে দেয়।
ঘটনার পর কেন্দ্র সচিব উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
মিজানুর বলেন, “পরীক্ষার্থীরা ওএমআর শিট পূরণ করার সময়ে ওই ছাত্রদল নেতা কেন্দ্রে ঢোকেন। তখনও প্রশ্নপত্র দেওয়া হয়নি। পরে বিষয়টি জানতে পেরে তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল বলেন, “আমি ৯টা ৪০ মিনিটের দিকে বনপাড়া কলেজ কেন্দ্র পরিদর্শনে যাই। সেসময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। তবে আসন দেখিয়ে দিতে রাকিব সরদার নামে একজন পরীক্ষার্থীর সঙ্গে কক্ষে প্রবেশ করে বলে জানতে পেরেছি।”
