২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে চার গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়ান।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 04:47 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও এলাকার রাঁধাপুর সড়কে এ ঘটনা ঘটে বলে জানান নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান।

নিহত সাব্বির হোসেন (২৭) রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দুই আটোরিকশা চালকের মধ্যে বাকবিতণ্ডা ও পূর্ব বিরোধের জের ধরে রাঁধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। 

এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সাব্বির হোসেন নিহত হন। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। 

খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ে।

ওসি কামরুজ্জামান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।