২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘জগতি স্টেশন’ চালুর দাবিতে ২ ঘণ্টা অবরুদ্ধ ‘বেনাপোল এক্সপ্রেস’

দেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি প্রতিষ্ঠার ১৬২তম দিবস উপলক্ষে কেক কাটেন। ৫ দফা দাবি বাস্তবায়নে ট্রেনটিকে ২ ঘণ্টা আটকে রাখেন স্থানীয়রা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2024, 12:48 AM

Updated : 26 Aug 2026, 10:55 AM

কুষ্টিয়ার জগতি রেলওয়ে স্টেশন পুনরায় চালুসহ ৫ দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন এলাকাবাসী। 

শুক্রবার বিকালে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি জগতি স্টেশনে পৌঁছলে আন্দোলনকারীরা লাল পতাকা দেখিয়ে সেটিকে দাঁড় করান।

স্থানীয়রা ট্রেনটির গতি রোধ করে রেল লাইনের উপর বিক্ষোভ করেন। 

দেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি প্রতিষ্ঠার ১৬২তম দিবস উপলক্ষে কেক কাটেন এবং তাদের ৫ দফা দাবি বাস্তবায়নে ট্রেনটিকে ২ ঘণ্টা আটকে রাখেন। 

দাবিগুলো হল- জগতি রেল-ভবন সংস্কার করে স্টেশনটি পুনরায় চালু করা, রেল স্টেশনকে আধুনিকায়ন, জগতি স্টেশনের টিকিট অনলাইনে কেনার ব্যবস্থা করা, জগতি রেল স্টেশনের প্রথম রেল ভবনকে প্রত্মতাত্ত্বিক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করা এবং স্টেশনটির পুরোনো ভবনের ছবি অনলাইন টিকিটের সঙ্গে যুক্ত করা।

স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান বলেন, “দেশের প্রথম রেলওয়ে স্টেশন হল এই জগতি স্টেশন। তাই আমাদের সবার দাবি, এই স্টেশনে যেন এই রুটে চলা সব আন্তঃনগর ট্রেন থামে সেই ব্যবস্থা করতে হবে।” 

জাহাঙ্গীর আলম বলেন, “জগতি একটি ঐতিহ্যবাহী স্টেশন। এর সম্মান রক্ষার্থে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।”

শফিউর রহমান নামে এলাকাবাসী বলেন, “এটি বৃটিশের আমলে তৈরি স্টেশন। এটি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত। ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখতে এই স্টেশন পুনরায় চালু ও আধুনিকায়ন করতে হবে। এর ফলে শহরের যানজট কমবে। এটিকে টার্মিনাল স্টেশন হিসেবে আধুনিকায়ন করলে শ্রমজীবী মানুষের জন্য উপকার হবে। সেইসাথে এখানে বিভিন্ন শিল্প কলকারখানা রয়েছে। বিশেষ করে, কৃষিপণ্যসহ চাউল পরিবহনে বিশেষ সুবিধা হবে।”

স্থানীয় সালেহা খাতুন বলেন, “এক সময় এই স্টেশনটি ছিল জাকজমকপূর্ণ। কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে প্রায়। এখন রেলওয়ে সেবা থেকে বঞ্চিত হয়ে পড়ে আছে স্টেশনটি। আমরা পুনরায় এই স্টেশনটি চালুর দাবি জানাই।” 

মানবাধিকার কর্মী জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন হিসেবে এটির অস্তিত্ব ও ঐতিহ্য রক্ষায় রেল হেরিটেজ হিসেবে গুরুত্ব দিয়ে স্টেশনটির পূর্বের রূপকে অবিকৃত রেখে সংষ্কার করা সময়ে দাবি। 

“আগের বাষ্পচালিত রেল ইঞ্জিন এসে এই জগতি স্টেশনে পানি খেত, অথচ আজকে রেল সেখানে থামে না। সেই বিশাল আকৃতির পানি খাওয়া সরোবর এখন গাছদানীতে পরিণত হয়েছে।”

রেলওয়ের খুলনা বিভাগের গার্ড (গ্রেড-২) ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক মাহবুবুল ইসলাম বলেন, “স্থানীয় জনগণের দাবিগুলোকে গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে ২ ঘণ্টা পর স্থানীয়রা ট্রেনটি ছেড়ে দেন।”  

কুষ্টিয়া কোর্ট স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার ইতিয়ারা খাতুন বলেন, জগতি স্টেশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস টেনটি আটকে থাকার কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা বিলম্বে কুষ্টিয়া কোর্ট স্টেশনে আসে ট্রেনটি। এছাড়া সিঙ্গেল লাইন হওয়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাথা টেনটি কুষ্টিয়া স্টেশনে আটকা পড়ে। 

এছাড়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ১ ঘণ্টা বিলম্ব করে কুষ্টিয়া স্টেশন থেকে ছেড়ে যায়। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।