নারায়ণগঞ্জে যান চলাচল ‘স্বাভাবিক’, ১২ ঘণ্টায় ‘আওয়ামী লীগের’ ২৭ জন গ্রেপ্তার
“আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে জেলাজুড়ে সড়ক-মহাসড়কে অন্তত ২৬টি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে।”
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘণ্টায় অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জেলাজুড়ে অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য।
এর আগের ৩৬ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া কিছু ককটেল, পেট্রোল ও বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে বুধবার রাত ৯টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার বেলা দেড়টা পর্যন্ত জেলাজুড়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।
এদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। নগরীর দোকানপাট ও বিপণীবিতানগুলো সময়মত খুলেছে। গাড়িও চলাচল করেছে স্বাভাবিকভাবে। তবে পরিবহন শ্রমিকদের মধ্যে চাপা-আতঙ্ক দেখা গেছে।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কেও দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। কয়েকটি স্থানে পুলিশের তল্লাশি চৌকিতে বাস থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে জেলাজুড়ে সড়ক-মহাসড়কে অন্তত ২৬টি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের পাশাপাশিও নজরদারি বাড়ানো হয়েছে।”
