রাজশাহীর আম বাজারে আসছে বুধবার
জেলা প্রশাসক জানান, যারা বেধে দেওয়া সময়ের আগে আম বাজারজাত করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীতে আম পাড়ার সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে গুটি জাতীয় আম গাছ থেকে নেমে বাজারজাত করতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা।
গোপালভোগ, রানিপছন্দ ও লক্ষণভোগ মিষ্টি জাতের আম বাজারে আসবে ২৫ মে থেকে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় আম পাড়া ও বাজারজাতের তারিখ ঘোষণা করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
তিনি বলেন, খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া ১০ জুন, আম্রপালী ও ফজলি ১৫ জুন, বারি-৪ জাতের আম ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই এবং ইলামতি আম পাড়া যাবে ২০ অগাস্ট থেকে। এ ছাড়া কাটিমন ও বারি-১১ জাতের আম পরিপক্ব সাপেক্ষে পাড়া ও বাজারজাত করা যাবে।
জেলা প্রশাসক বলেন, রাজশাহী আমের রাজ্য হিসেবে পরিচিত। বাজারে যাতে অপরিপক্ব এবং ভেজাল মিশ্রিত কোনো আম বিক্রি করতে না পারে, সেজন্যেই কৃষি বিভাগের সমন্বয়ে এই আম পাড়া, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ের সভা আহ্বান করা হয়েছে।
যারা বেধে দেওয়া সময়ের আগে আম বাজারজাত করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে সালমা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই সময়মতো গাছ থেকে আম পেড়ে বাজারজাত করলে এবার কৃষকরা লাভবান হবেন। অন্যান্য বছরের তুলনায় এবার কৃষকরা আমের দাম ভালো পাবেন বলেও আশা করছেন কৃষকরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার, রাজশাহী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা।
