‘পুশ ইনের’ শিকার সেই অন্তঃসত্ত্বা সোনালী বিবি ফেরত গেলেন ভারতে
কুড়িগ্রাম সীমান্ত দিয়ে সোনালী বিবি ও তার পরিবারের ছয় সদস্যকে বাংলাদেশে ‘পুশ ইন’ করে বিএসএফ।
অনুপ্রবেশ মামলায় জামিনে মুক্ত অন্তঃসত্ত্বা সোনালি বিবি এবং তার আট বছরের সন্তানকে ভারতে ফেরত পাঠিয়েছে বিজিবি।
৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে ‘পুশ ইনের’ শিকার ভারতীয় নারী সোনালী বিবি ও তার আট বছরের ছেলেকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
কুড়িগ্রাম সীমান্ত দিয়ে সোনালী বিবি ও তার পরিবারের ছয় সদস্যকে বাংলাদেশে ‘পুশ ইন’ করে বিএসএফ। ২০ অগাস্ট চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পরে সীমান্ত অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তবে তাদের সঙ্গে থাকা দুটি শিশুকে মামলায় আসামি করা হয়নি।
১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে তারা জামিনে মুক্তি পান। কিন্তু জামিনে মুক্তির দেড় ঘণ্টা পর আবারও তাদের হেফাজতে নিয়ে যায় পুলিশ।
আসামিপক্ষের আইনজীবী একরামুল হক বলেন, “সোমবার বিকালে আদালত ভারতের ছয় নাগরিককে জামিন দেন। দাপ্তরিক প্রক্রিয়া শেষে রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তারা।
“নয়াগোলা এলাকার বাসিন্দা ফারুক হোসেনের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়। তিনি আটক সোনালি বিবির আত্মীয়। পরের দিন ২ ডিসেম্বর তাদেরকে জামিনদারের কাছে আবারও হস্তান্তর করে পুলিশ।”
এদিকে অন্তঃসত্ত্বা সোনালি বিবিসহ অন্যদের বিরুদ্ধে বুধবার আদালতে অভিযোগ গঠনের দিন ছিল। তবে এদিন শুনানি হয়নি।
২৩ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করেন চাঁপাইনবাবগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের (তৃতীয়) বিচারক মো. আশরাফুল ইসলাম। এ নিয়ে তিনবার অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফের অমানবিক ‘পুশ ইনের’ শিকার বহুল আলোচিত নারী সোনালী ও তার পরিবারকে মানবিক দিক বিবেচনায় বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
বিজিবি জানায়, আদালত কূটনৈতিক তৎপরতায় তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুকে ‘পুশ ইন’ করায় সৃষ্ট মানবিক ঝুঁকি এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি কূটনৈতিক পর্যায়ে নিবিড় যোগাযোগ করে। উভয় দেশের সম্মতিতে ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় তাদেরকে সসম্মানে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
হস্তান্তর শেষে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক সাংবাদিকদের বলেন, “বিএসএফের এই অমানবিক ‘পুশ ইন’ কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ‘পুশ ইনের’ কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানবিক সংকটের সৃষ্টি করছে এবং উভয় দেশের সৌহার্দ্যপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার পথে প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত হচ্ছে।”
তিনি বলেন, “বিএসএফের অমানবিক ‘পুশ ইন’ আচরণের বিপরীতে বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে।”
“বিজিবি আশা করে, ‘পুশ ইন’সহ এ ধরনের অমানবিক ও আন্তর্জাতিক আইনবিরোধী কার্যক্রম বিএসএফ বন্ধ করবে এবং ভবিষ্যতে সীমান্তে সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও আইনসম্মত প্রক্রিয়া বজায় রাখবে।”
