সিলেটে বেতন-ভাতা ও চাকরি নিয়মিত করার দাবিতে সড়ক অবরোধ
দেড় ঘণ্টা অবস্থান করার পর ডিসির আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরি নিয়মিতকরণের দাবিতে সড়ক অবরোধ করেছেন সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।
প্রায় দেড় ঘণ্টা পর ডিসির আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, গত ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর গা ঢাকা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এনায়েত হোসেন।
দুই মাস ধরে ক্যাম্পাসে অনুপস্থিত তিনি। অফিস করছেন না, আবার পদত্যাগও করছেন না।
এর আগে উপাচার্য এনায়েত হোসেনসহ বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবি তোলেন কর্মকর্তা-কর্মচারীরা।
আন্দোলনের মুখে ইতোমধ্যে রেজিস্ট্রার আবুল কালাম মোহাম্মদ ফজলুর রহমান পদত্যাগ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা দেখা দিয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদের প্রধান সমন্বয় মাইদুল ইসলাম চৌধুরী বলেন, প্রায় দুই বছর ধরে তারা বেতন-ভাতা তুলতে পারছেন না। বিষয়টি সুরাহার জন্য উপাচার্যের কাছে বারবার তারা গিয়েছেন। তিনি কেবল তাদের আশ্বস্ত করেছেন। তার মেয়াদের দুই বছরেও তিনি বিষয়টি সমাধান করেননি।
এ জন্য বাধ্য হয়ে আন্দোলনে নামছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তিনি দিয়েছেন।
এসব বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এনায়েত হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলে তিনি তাতে সাড়া দেননি।
