২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৬

বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে প্রথমে হাতাহাতি ও পরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ান বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2024, 07:34 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তির প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার সকালে উপজেলার ঝানকিগাতি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান।

নিহত রফিকুল ইসলাম (৫৫) ওই গ্রামের প্রয়াত শাহেব উদ্দিনের ছেলে।

ওসি আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই হাফিজুর রহমানের দ্বন্দ্ব চলছিল। শনিবার সকালে হাফিজুরসহ অন্যরা ওই জমিতে ঘর তোলা শুরু করেন।

এ সময় রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। এতে প্রথমে হাতাহাতি ও পরে উভয়পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুপক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে রফিকুল মারা যান। 

আহত আরও ছয়জনকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি।

আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।