২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বেলায় ঢাকা-টাঙ্গাইল সড়কে যানবাহনের দীর্ঘ সারি

ঈদ যাত্রায় দিনের বেশির ভাগ সময় স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর চন্দ্রা মোড় থেকে থেমে থেমে যানজটে পড়ছেন বাড়িমুখী মানুষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2023, 11:35 PM

Updated : 21 Apr 2023, 12:28 AM

স্বজনদের সঙ্গে ছুটি কাটাতে বাড়ির পথে রওনা হওয়া বাসযাত্রীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে পড়েছেন; সন্ধ্যার পর গাড়ির চাপ বাড়ায় গাজীপুরের চন্দ্রার কাছে গতি কমেছে গাড়ির, থেমে থেমে দীর্ঘ হচ্ছে লাইন।

এর আগে বৃহস্পতিবার ঈদের সরকারি ছুটির দ্বিতীয় দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা থেকে উত্তরের পথের সবগুলো মহাসড়কে যানবাহন চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল।

দুপুরের পর বেসরকারি অফিস ছুটি হলে এবং ঢাকা ও আশপাশের এলাকার তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বাড়িমুখো হতে শুরু করলে সড়কে গাড়ির সংখ্যা বাড়তে থাকে।

এতে সন্ধ্যার পর থেকে উত্তরের পথে যেতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়, যা রাত পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি করছে।

এ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা বাড়তি পুলিশকে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করতে দেখা গেছে।

ঢাকার গাবতলী হয়ে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হয়ে উত্তবঙ্গের সবচেয়ে বেশি যানবাহন চলাচল করে।

এদিন সকালের দিকে সাভার থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত নির্বিঘ্নে চলেছে গাড়ি। মহাসড়কে প্রচুর পুলিশকে ঈদযাত্রায় গাড়ির গতি ঠিক রাখতে টহল দিতে দেখা গেছে।

এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়ককে একমুখী করে দেওয়া হয়েছে। ঢাকামুখী যানবাহনকে যমুনা সেতুর গোলচত্তর থেকে মধুপুর রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ওই গাড়িগুলো ভেতর দিয়ে গিয়ে এলেঙ্গায় উঠছে, যা মহাসড়ককে বিকাল পর্যন্ত নির্বিঘ্ন রাখে।

দুপুরের পর নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত পোশাক কারখানাগুলো থেকে কর্মী বোঝাই বাস সড়কে নামলে যানবাহনের সংখ্যা বেড়ে যায়। তখন চন্দ্রা ত্রিমোড় থেকে নবীনগর সড়কে প্রায় পাঁচ কিলোমিটার সড়ক পর্যন্ত দীর্ঘ সারির সৃষ্টি হয়।

অপর দিকে চন্দ্রা থেকে গাজীপুরের ভোগড়া মোড়ের দিকে যে সড়কটি চলে গেছে ওই সড়কেও দুই কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। যে কারণে চন্দ্রা ত্রিমোড় এলাকার উড়ালসড়কের উপরেও যানবাহনগুলো থেমে থেমে চলছে।

চন্দ্রা ত্রিমোড় এলাকায় এস আর পরিবহনের চালক শরিফুল ইসলাম বলেন, ঢাকা থেকে সাভার হয়ে স্বাভাবিকভাবে এসেছি। কিন্তু চন্দ্রা ত্রিমোড়ের আগে জিরানি বাজার থেকে যানজট শুরু হয়। সেখানে চন্দ্রা আসতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। অথচ অন্যসময় এই পথটুকু আসতে সময় লাগে ১০-১২ মিনিট।

চন্দ্রা ত্রিমোড়ে দেখা গেছে, শত শত ঘরমুখো মানুষ গাড়ির অপেক্ষায় রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। অনেকে যানবাহন না পেয়ে ট্রাক ও পিকআপে যাওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে ভাড়া করা মোটারসাইকেল নিয়ে যমুনা সেতু পর্যন্ত বা অনেকে বগুড়া বা সিরাজগঞ্জ পর্যন্তও যাচ্ছেন।

একটি পিকআপের উপর বসে থাকা যাত্রী হাবিবুর রহমান বলেন, আগে থেকে টিকেট না থাকায় বাসে উঠতে পারছি না। বাসে ভাড়াও বেশি। তাই পিকআপে উঠে ১০০ টাকা দিয়ে সিরাজগঞ্জ যাচ্ছি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, মৌচাক সফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কে বিকাল ৩টা থেকে যানজট সৃষ্টি হয়। জিরানি থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কে কোথাও স্থায়ী, কোথাও থেমে থেকে যানজট হয়েছে। এ সময় মহাসড়কে পাশ দিয়ে ৫-৭ কিলোমিটার রাস্তা হেঁটে চন্দ্রা ত্রিমোড়ে যাচ্ছে। সেখানেও গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে।

অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা বাইপাসের আগ থেকে সালনা হয়ে রাজেন্দ্রপুর পর্যন্ত বিকাল থেকে ময়মনসিংহগামী রাস্তায় যানজট হয়। দুই মহাসড়কে তীব্র গরম উপেক্ষা করে যাত্রীরা বাড়ি ফিরছে। কেউ বাস, কেউ ট্রাক, কেউ পিক-আপ বা মোটরসাইকেল যে যেভাবে পারেন গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। 

মগর খাল বড় মাদ্রাসার অধ্যক্ষ মুফতি লেহাজ উদ্দিন বিকালে ব্যক্তিগত গাড়ি নিয়ে গাজীপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন। চন্দনা চৌরাস্তার দক্ষিণ এলাকা থেকে ত্রিশালের বিভিন্ন এলাকায় যানজটে পড়ে তিনি রাত সাড়ে ১০টার দিকে  ত্রিশালে পৌঁছেন। 

সালনা কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ওসি আতিকুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে হাইওয়েসহ জেলা পুলিশ দায়িত্বে রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। তবে দুপুরের পর থেকে চন্দ্রা থেকে তিন দিকেই যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। 

তিনি জানান, টাঙ্গাইলের গোড়াই এর দিকে যানবাহনের গতি ধীর হওয়ায় চন্দ্রার দিকে ধীর গতির সৃষ্টি হয়েছে। সড়কে মোটারসাইকেল দিয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। কোথাও কোনো সমস্যা থাকলে বা যানবাহন বিকল হলে সেটিও সরানোর ব্যবস্থা রাখা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, গাজীপুরে ৭৭ শতাংশ শিল্প কারখানা ছুটি হয়েছে আজ; যার ফলে মহাসড়কে যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়েছে। বিশেষ করে চন্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রেশনিং পদ্ধতিতে গাড়ি পার করতে গিয়ে গাড়ির লম্বা ‘টেইল’ সৃষ্টি হয়েছে। এতে চান্দনা চৌরাস্তা থেকে দক্ষিণে মালেকের বাড়ি পর্যন্ত, উত্তরে তেলিপাড়া নগরপাড়া পর্যন্ত, পশ্চিমে ভাওয়াল বদরে আলম কলেজের পশ্চিম পাশ পর্যন্ত থেমে থেমে গাড়ির লম্বা লাইন সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত এ অবস্থা থাকে।