বন্যা: কাচালং কলেজের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বুধবার স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা কোমর পানিতে ভিজে কলেজের দোতলায় এসে ইতিহাস বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেন।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজের এইচএসসির ইংরেজি (আবশ্যক) প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বন্যার পানিতে কলেজ ক্যাম্পাস তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবারের এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমান।
বুধবার সন্ধ্যায় এই সংক্রান্ত সভা শেষে এএমএম মুজিবুর রহমান সাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।
এর আগে কলেজ ক্যাম্পাসে তিন থেকে পাঁচ ফুট পানি ওঠায় পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি না থাকার বিষয়টি জানিয়ে পরীক্ষা স্থগিতের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনকে আবেদন করেন।
এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক শিক্ষা বোর্ড বরাবরে এই সংক্রান্ত চিঠি পাঠায়, যার জের ধরেই স্থগিত করা হল পরীক্ষা।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম বলেন, “কলেজ অধ্যক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে আমরা শিক্ষাবোর্ডকে অবহিত করেছি, তারপরই সন্ধ্যার দিকে বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিতের নির্দেশনা এল।”
কাচালং সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম জানিয়েছেন, “বিকালে বোর্ড থেকে আমাকে ফোন করেছিলো, ঊর্ধ্বতনরা সভায় বসেছিলেন বিষয়টি নিয়ে। তারা হোয়াটসঅ্যাপে আমার কাছে সরাসরি ক্যাম্পাসের চিত্র দেখেছেন। তারপরই সিদ্ধান্ত এল। আপাতত এই পরীক্ষাটি স্থগিত হয়েছে।”
মঙ্গলবার রাতে উপজেলা সদরের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে। এতে ওই কলেজ ক্যাম্পাস প্রায় ৩ থেকে ৫ ফুট পানি উঠে নিচ তলার শ্রেণি কক্ষ, মাঠ, অধ্যক্ষের বাসভবনসহ পুরো ক্যাম্পাস পানির নিচে চলে গেছে।
বুধবার আড়াইটায় স্নাতক দ্বিতীয় বর্ষের ইতিহাস পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা কোমর পানিতে ভিজে ভিজে কলেজের দোতলায় এসে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অনেককেই নৌকা করে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে সরাসরি দোতলায় যেতে দেখা গেছে।
তখন অধ্যক্ষ নজরুল ইসলাম বলেছিলেন, “বুধবার পূর্বনির্ধারিত স্নাতক পরীক্ষায় শিক্ষার্থী কম থাকায় কোনোভাবে দোতলায় চালিয়ে নিলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনো ভাবেই সম্ভব না, যদি না পানি কমে।”
এই উপজেলায় দুইটি পরীক্ষাকেন্দ্র, যার আরেকটি দুর্গম সিজক কলেজ। যেটি কাচালং কলেজ থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে।
আরও পড়ুন
