বাঘাইছড়ির কাচালং কলেজ তলিয়ে অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষা
“যদি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হয়, সেক্ষেত্রে আমাকে যেকোনো ভাবে এই পানিতে বসেই পরীক্ষা নিতে হবে।”
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ বন্যার পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় চলমান এইচএসসি ও স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছে কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাতে উপজেলা সদরের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে। এতে ওই কলেজ ক্যাম্পাস প্রায় ৩ থেকে ৫ ফুট পানি উঠে নিচ তলার শ্রেণি কক্ষ, মাঠ, অধ্যক্ষের বাসভবনসহ পুরো ক্যাম্পাস পানির নিচে চলে গেছে।
বুধবার আড়াইটায় স্নাতক দ্বিতীয় বর্ষের ইতিহাস পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা কোমর পানিতে ভিজে ভিজে কলেজের দোতলায় এসে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অনেককেই নৌকা করে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে সরাসরি দোতলায় যেতে দেখা গেছে।
এই উপজেলায় দুইটি পরীক্ষাকেন্দ্র, যার আরেকটি দুর্গম সিজক কলেজ। যেটি কাচালং কলেজ থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে।
এদিকে, বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় পরীক্ষার্থীরা কী ভাবে অংশগ্রহণ করবেন বুঝতে পারছে না কলেজ কর্তৃপক্ষ।
বিষয়টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে জানিয়ে ওই কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “পুরো উপজেলার বিস্তীর্ণ এলাকা রোববার থেকেই পানির নিচে। কিন্তু মঙ্গলবার রাতে পুরো কলেজ ক্যাম্পাসই পানিতে তলিয়ে গেছে।
“যেহেতু রাতে আর কিছুই করার ছিল না, তাই বুধবার পূর্বনির্ধারিত স্নাতক পরীক্ষায় শিক্ষার্থী কম থাকায় কোনোভাবে দোতলায় চালিয়ে নিলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনো ভাবেই সম্ভব না, যদি না পানি কমে।”
তিনি বলেন, “বিষয়টি আমরা বোর্ডকে জানিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবহিত করে তাদের মাধ্যমে বোর্ডকে জানানোর জন্য আমাকে বলা হয়েছে, আমিও সেটাই করেছি। এখনও কোনো পরবর্তী নির্দেশনা পাইনি।”
কলেজ অধ্যক্ষ বলেন, “আজকে স্নাতক পরীক্ষার্থী ১৭৪ জন হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ৪৬৮ জন।ফলে নীচতলা ব্যবহার করা ছাড়া পরীক্ষা পরিচালনা করা সম্ভব নয়। পানি কমারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
“যদি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হয়, সেক্ষেত্রে আমাকে যেকোনো ভাবে এই পানিতে বসেই পরীক্ষা নিতে হবে। আমার নিজের বাসাও পানিতে ডুবে গেছে। আমি নিজেই কলেজের দ্বিতীয় তলায় আশ্রয় নিয়েছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিরিন আক্তার বলেন, “বাঘাইছড়ির যে অবস্থা, কোনো ভাবেই এখানে পরীক্ষা পরিচালনা করা সম্ভব নয়, আমি কেন্দ্রসচিবকে (প্রিন্সিপাল) বলেছি বিষয়টি আমাকে লিখিতভাবে জানানোর জন্য।
“তিনি জানানোর পর আমি জেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি বোর্ডকে অবহিত করব। আমরা মোটামুটি নীতিগতভাবে পরীক্ষা স্থগিত করার বিষয়টি বিবেচনা করছি।”
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এন এম মজিবুর রহমান বলেন, “পরীক্ষা সংক্রান্ত আমাদের একটি কমন নির্দেশনা এর মধ্যেই সবাইকে দেওয়া হয়েছে। যদি কোথাও পানি উঠে এবং বন্যার কারণে ঝামেলা হয়, সেখানে পরীক্ষা ১ ঘণ্টা পরে বা তারও বেশি সময় পরে শুরু করে সময় সমন্বয় করে নিতে হবে।
“এ ছাড়া আমাদের পরীক্ষা পরিচালনায় স্থানীয়ভাবে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন এবং জেলা প্রশাসক বিষয়গুলো দেখেন। কাচালং কলেজে এমন পরিস্থিতি হয়েছে, সেটা তারা কেউ আমাকে এখনো জানান নাই। তারা যদি জানান, সেই ক্ষেত্রে আমরা পৃথক নির্দেশনা দিতে পারব।”
জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বলেন, “কলেজের অধ্যক্ষ এবং ইউএনও বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা এটা নিয়ে কাজ করছি।এখানে পরীক্ষা পরিচালনার মত বাস্তবতা নেই, সেটা বোর্ডকে জানানো হবে।”
